প্রয়াত নায়ক মান্নার নিজ হাতে গড়া প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্রের নবম ছবি ‘জ্যাম’-এর শুটিংয়ের খবর গতবছর শোনা গেলেও দীর্ঘদিন এ নিয়ে কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না। তবে এবার সেই আক্ষেপ ঘুচলো। আগামী কোরবানির ঈদে পর্দায় আসছে ছবিটি। সম্প্রতি এমনই জানিয়েছেন কৃতাঞ্জলি চলচ্চিত্রের কর্ণধার প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না।
জানা গেছে, করোনা কারণে দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর সম্পাদনার টেবিলে যাচ্ছে ‘জ্যাম’ ছবিটি। ছবিটির দুটি গান ও একটি সিকোয়েন্সের কাজ বাকি থাকলেও সম্পাদনার কাজ চলাকালীন তা শেষ করা হবে।
শেলী মান্নার কাহিনি বিন্যাসে ছবিটিতে জুটি বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা পূর্ণিমা। ছবিটির মাধ্যমে অনেকদিন পর বড়পর্দায় হাজির হবেন পূর্ণিমা। আগের মতো নিয়মিত তাকে দেখা না গেলেও মাঝে মাঝে তাকে দেখতে পান ভক্তরা। আর তাই হয়তো দর্শকরা অপেক্ষা করেন কবে আসছে পূর্ণিমার নতুন ছবি। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ছবিটিতে আরো দেখা যাবে কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চম্পা, ফজলুর রহমান বাবুর মতো গুণী অভিনয়শিল্পীদের।