ভিলায় সহজ জয় লিভারপুলের
স্পোর্টস ডেস্ক
গত সপ্তাহে মেইনজকে যে ফুটবলীয় শিক্ষা দিয়েছিল বায়ার্ন মিউনিখ, সেখান থেকে শিক্ষা নিয়েই যেন এবার বায়ার্নকে পরাভূত করলো বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখ। শুক্রবার বুন্দেসলিগার ম্যাচে দুই গোলে এগিয়ে থাকা জার্মান চ্যাম্পিয়নদের শেষ পর্যন্ত ৩-২ গোলে হারিয়েছে গ্ল্যাডবাখ। এদিকে এফএ কাপের তৃতীয় পর্বের ম্যাচে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামা অ্যাস্টন ভিলার বিপক্ষে সহজ জয় পেয়েছে লিভারপুল।
বরুশিয়া পার্কে বায়ার্নের শুরুটা হয়েছিল দারুণ। রবার্ট লেভানডভস্কির পেনাল্টি ও দূরপাল্লার শটে দেওয়া লিও গোরেত্স্কার গোলে ২৬ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা। কিন্তু এতে দমে যায়নি গ্ল্যাডবাখ। ১০ মিনিটের মধ্যেই তারা ম্যাচে ফিরে আসে জোনাস হফম্যানের গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরেকটি গোল দিয়ে সমতা ফেরান এই হফম্যানই। দ্বিতীয়ার্ধের শুরুতেই গ্ল্যাডবাখের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার ফ্লোরিয়ান ন্যূহস। হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি অক্ষুণ্ন রেখেছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তবে গতকালকে রাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আরবি লাইপজিগ জিতে গেলে এতোক্ষণে বায়ার্নকে টপকে শীর্ষস্থানে উঠে গিয়েছে লাইপজিগ।
ম্যাচের আগে অ্যাস্টন ভিলার মূল দলের সিংহভাগ খেলোয়াড়ের করোনা সংক্রমণের খবর আসলেও ম্যাচ স্থগিত করেনি ফুটবল অ্যাসোসিয়েশন। অগ্যতা বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে সাজানো একটি একাদশ নিয়েই লিভারপুলের বিপক্ষে মাঠে নামে ভিলা। অনভিজ্ঞ একাদশ নিয়ে মাঠে নামলেও ভিলা পার্কে লিভারপুলের মূল একাদশের বিপক্ষে প্রথমার্ধে ভালোই লড়াই গড়ে তুলেছিল অ্যাস্টনের ‘সিংহরা’। তবে ১-১ গোলে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে আর সালাহ-মানেদের আটকে রাখতে পারেনি তারা। সাদিও মানের জোড়া গোল, মোহামেদ সালাহ ও জর্জিনিয়ো ওয়াইনাল্ডামের গোলে ৪-১ ব্যবধানে ম্যাচ শেষ করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। এফএ কাপের অন্য ম্যাচে রোদারহামকে ২-১ গোলে হারিয়েছে এভারটন।