তুষার ঝড়ে ম্যাচ স্থগিত

 ‘ফিলোমেনা’ নামের এক তুষার ঝড়ের কারণে স্থগিত হয়েছে গতকালকের অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিকো বিলবাওয়ের মধ্যকার ম্যাচটি। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় ওয়ান্দা মেট্রোপালিটানোতে মাঠে নামার কথা ছিল এই দুই দলের। শুক্রবার স্পেন জুড়ে লাল সংকেত জারি করতে বাধ্য করা এই তুষার ঝড়ের প্রকোপে মাদ্রিদে পা-ই রাখতে পারেনি অ্যাথলেটিকো বিলবাও। বিপজ্জনক আবহাওয়ার কারণে মাদ্রিদের সব বিমানবন্দর বন্ধ থাকায় বিলবাওয়ের খেলোয়াড়-স্টাফদের বহনকারী বিমান বারাজাস বিমানবন্দরে পৌঁছালেও অবতরণ না করেই ফিরে গিয়েছে। পরবর্তীতে কবে এই ম্যাচ অনুষ্ঠিত হবে তার সময়সূচি এখনো জানায়নি লা লিগা কর্তৃপক্ষ। তুষার ঝড়ের কারণে এদিনে ভুগতে হয়েছে রিয়াল মাদ্রিদকেও। অতিরিক্ত বরফের কারণে রানওয়েতে চার ঘণ্টা আটকে ছিল রিয়ালের বিমান।