সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে সব হাওরে ফসল রক্ষাবাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু এবং প্রকল্পের তালিকা সরকারি ওয়েব পোর্টালে প্রকাশের দাবিতে মানববন্ধন হয়েছে। হাওর বাঁচাও আন্দোলনের উদ্যোগে শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, হাওরে বাঁধ নির্মাণের নির্ধারিত সময়ের প্রায় এক মাস হতে চলেছে। কিন্তু এখনো হাওরে ২০ ভাগ প্রকল্পের কাজ শুরু হয়নি। মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী, সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেন প্রমুখ।