গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে শনিবার সকালে ব্রিজের নিচ থেকে চায়না কোম্পানির নিরাপত্তা কর্মী রাজু মিয়ার লাশ উদ্ধার করছে পুলিশ। রাজু তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। পরিবার জানায়, শুক্রবার কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশে বের হয়ে নিখোঁজ ছিল রাজু। এরপর শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নয়া বাজার এলাকার ব্রিজের নিচে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। রাজু মহাসড়ক সম্প্রসারণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কোম্পানিতে নিরাপত্তা কর্মীর দায়িত্বে ছিল। তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।