জাহানারা বেগম
সাবেক সংসদ সদস্য আলহাজ মিসবাহ উদ্দিন খানের সহধর্মিণী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসির মামুনের মা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের বড় ভাবি জাহানারা বেগম (৮৫) গতকাল শনিবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি তিন ছেলে রেখে গেছেন। গতকাল বাদ-আসর জানাজা শেষে কচুয়া উপজেলার গুলবাহারের পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ শোক প্রকাশ করেছেন।
মো. জুমন আলী মিয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড়ের বিশিষ্ট সমাজসেবক মো. জুমন আলী মিয়া (৮০) গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী, ৬ কন্যা, ৪ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে মরহুমের লাশ নিজ জন্মভূমি ফুলকারকান্দি গোরস্থানে দাফন করা হয়েছে।
বিলকিস বানু
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বিলকিস বানুর (৭৪) নামাজে জানাজা গতকাল শনিবার বাদ জোহর মোহাম্মদপুরের শের শাহ শুরী রোডস্থ বায়তুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজা শেষে মোহাম্মদপুর ঈদগাহ মাঠস্থ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি গত ৮ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল আগামীকাল সোমবার বাদ মাগরিব রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ারস্থ আবাসিক মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান।
মৃত্যুবার্ষিকী
অধ্যক্ষ আব্দুল হাসেম
সিংহখালী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল হাসেমের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষ্যে কলেজে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে সিংহখালীতে কোরআনখানি ও এতিম ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া গ্রামের বাড়ির বিভিন্ন মসজিদে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হবে।