নীলফামারী জেলার কিশোরগঞ্জে পুলিশের হাতে আটক হয়েছেন কলেজের দুই প্রভাষকসহ ছয় জন। তাদের বহনকারী গাড়িতে দুই বোতল ফেনসিডিল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাতে উপজেলার বড়ভিটা-পুটিমারী সড়কের কাউয়ার মোড় নামক স্থানে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন-নীলফামারীর জলঢাকা উপজেলা আইডিয়াল কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়া, রংপুর রবার্টসন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক কে এম আমিনুল হক, নীলফামারীর জলঢাকা উপজেলার একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি মাথাভাঙ্গা এলাকার ফিরোজুল ইসলাম, একই উপজেলার কলেজপাড়ার আনারুল ইসলাম, রংপুর তাজহাটের আব্দুল রাজ্জাক ও গাড়িচালক সেলিম রেজা। কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকারে নেশা করে দুই বোতল ফেনসিডিল বহনকালে তাদের আটক করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, আটককৃত ফিরোজুল ইসলাম নীলফামারী জেলা জামায়াতের সুরা সদস্য জলঢাকা উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল গণির ছেলে। বৃহস্পতিবার রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে মাথাভাঙ্গা গ্রামে নিজবাড়িতে মারা যান জামায়াত নেতা আব্দুল গণি। সন্ধ্যার দিকে প্রয়াত জামায়াত নেতা আব্দুল গণির ছেলে ফিরোজুল ইসলাম, কলেজের দুই প্রভাষকসহ ছয় জন বড়ভিটা-পুটিমারী সড়ক দিয়ে প্রাইভেটকারে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে।