মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করে সারা জাতির সামনে ৩০ দিনের সময় দেব। এ বিষয়ে কারো আপত্তি আছে কি না তা দেখা হবে। আপত্তি না থাকলে খসড়া চূড়ান্ত তালিকা প্রকাশ করব ২৮ ফেব্রুয়ারির মধ্যে। ২৬ মার্চ আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। তবে কারো যদি তদন্তাধীন কোনো বিষয় থাকে তাহলে সেগুলো বাদ থাকবে। পরবর্তীকালে তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হলে তালিকায় তাদের নাম সংযুক্ত হবে।
মন্ত্রী শনিবার গাজীপুর মহানগরীর কালাকৈর এলাকায় সামিটের অর্থায়নে ৩৮ নম্বর কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে নগরীর ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান লতিফ খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে সামিট গাজীপুর-২ পাওয়ার এবং এইস অ্যালায়েন্স পাওয়ার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন জানান, সামিট গ্রুপের অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে শূন্য দশমিক ৮ একর জমির ওপর নতুন তিনতলা ভবনটি নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ে আগে ৩০৪ বর্গফুটের চারটি শ্রেণিকক্ষ ছিল এখন ৫৪০ বর্গফুটের ১০টি শ্রেণিকক্ষ করা হয়েছে।
সাইন্স ল্যাব ও কম্পিউটার ল্যাবের জন্য নির্ধারিত কক্ষ করা হয়েছে। একটি গ্রন্থাগার করা হয়েছে। স্কুলে অভিভাবকদের জন্য বিশ্রামাগার, শিক্ষকদের কক্ষ দুইটি, একটি সভাকক্ষ। এছাড়া পুরো স্কুলে সীমানা দেওয়াল নির্মাণ করা হয়েছে।