মুম্বাই হামলার মূলহোতাদের দেওয়া শাস্তি পাকিস্তানী প্রহসনের উদাহরণ: ভারত

মুম্বাই হামলার মাস্টারমাইন্ড মাসুদ আজার ও জাকিউর রহমান লাকভিকে কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত। গত ২ ডিসেম্বর ২৬/১১ মুম্বাই হামলার মূলহোতা লাকভিকে গ্রেফতার করে পাঞ্জাব প্রদেশের সন্ত্রাস দমন বিভাগ। পাকিস্তান আদালতের এই রায়কে প্রহসন হিসেবে আখ্যা দিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনুরাগ শ্রীবাস্তব বলেন, এই রায় ভারতকে মুগ্ধ করেনি। কারণ আগামী মাসে ফিনান্সিয়াল একশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) সম্মেলন আছে। সংস্থাটির ব্ল্যাকলিস্টে না পড়ার ভয়েই এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। জাতিসংঘের তালিকাভুক্ত একজন আসামিকে তারা যে শাস্তি দিয়েছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক দেশটিকে জবাবদিহিতার আহ্বান জানাচ্ছি আমরা।

তিনি বলেন, এই রায় স্পষ্ট প্রমাণ করে ফেব্রুয়ারিতে হতে যাওয়া এফএটিএফ সম্মেলনে পাকিস্তান কালো তালিকায় পড়তে চায় না। তাদের এটি রুটিন ওয়ার্ক। প্রতিবার তারা এরকম একটি পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনগুলোতে হাজির হয়।

প্রসঙ্গত, ছয় বছর জেলে থাকার পর ২০১৫ সালে জামিনে ছাড়া পায় লাকভি৷ আল-কায়েদা এবং লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ডিসপেনসারির আড়ালে অর্থ সংগ্রহ করে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ রয়েছে জাকিউর রহমান লাকভির বিরুদ্ধে। এই ডিসপেন্সরি থেকে প্রাপ্ত অর্থ ব্যক্তিগত খরচেও ব্যবহার করার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবাদে ইন্ধন জোগানোর অভিযোগ রয়েছে পাক সরকারের বিরুদ্ধে। ২০০৮ সালে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ছিল এই লাকভি।

ইত্তেফাক/টিআর