অনন্যার যুদ্ধজয়ের গল্প

 

সম্প্রতি ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯’

প্রদান করা হয়। প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে অনলাইনে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। বরাবরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। যারা পাহাড়সম প্রতিকূলতা ঠেলে নিজের জীবনে সফল হয়ে সমাজের নারীর অবস্থান দৃঢ় করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন তাদের একজন ফরিদা জামান। তার জীবনযুদ্ধের খানিকটা জানাতে এই আয়োজন—

ফরিদা জামান (চিত্রশিল্প)

শিল্পী ফরিদা জামানের শৈশবের একটা অংশ কেটেছে চট্টগ্রামের পাহাড়-নদীর মনোরম প্রকৃতি চন্দ্রঘোনায়। কিন্তু তার জন্ম চাঁদপুরে। এই উভয় নৈসর্গিক পরিবেশ থেকে তিনি নদীর তীরের মানুষ, মাছ ও জাল এবং গ্রামীণ জীবনধারার নানা অনুষঙ্গ খুঁজে পেয়েছেন। কৃষক যেমন চাষের জন্য জমিন তৈরি করেন, শিল্পী ফরিদা তেমনি শিল্পচাষের জন্য রং দিয়ে জলকাদাময় ডোবাভূমির মানচিত্র ধরেন। শিল্পী ফরিদা জামান ১৯৭৮ সালে ভারতের বরোদার এমএস বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় এমএফএ এবং ১৯৯৫ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। এ পর্যন্ত তার আটটি একক প্রদর্শনী হয়েছে এবং শতাধিক দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা করছেন।