‘আমার আব্বার চরিত্রটি ভালোভাবে করো’

তানভীর তারেক

আগামী ১৯ জানুয়ারি ভারতের মুম্বাই থেকে শুরু হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিং। ছবিটির শুটিং শুরুর আগে ৯ জানুয়ারি দুপুরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার বাসভবনে গিয়েছিলেন ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন অভিনয়শিল্পী। তাদের মধ্যে ছিলেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়াসহ ছবিটির কয়েকজন। প্রধানমন্ত্রী তাদের বেশকিছু দিক-নির্দেশনা দিয়েছেন। ছবিটিতে আরিফিন শুভ অভিনয় করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে।

আরিফিন শুভ বলেন, ‘ছবিটির শুটিংয়ের আগে বঙ্গবন্ধু কন্যা হিসেবে দুই আপা আমাদের ডেকেছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে নয়, বঙ্গবন্ধু কন্যা হিসেবে আমাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। তার আব্বা সম্পর্কে কথা বলেছেন। আমরা বেশ কয়েক ঘণ্টা সেখানে ছিলাম। এ সময় শেখ রেহানা আপাও ছিলেন। সেখান থেকে ফিরে আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকে শুধু বললেন, ‘আমার আব্বার চরিত্রটি ভালোভাবে করো।’

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে কয়েকদিনের একটি কর্মশালায় অংশ নেবেন শিল্পীরা। তারপর ১০ এপ্রিল পর্যন্ত টানা শুটিং চলবে। ‘বঙ্গবন্ধু’র বায়োপিকটি পরিচালনা করছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।