প্রথমবার দুই সুপারস্টার

  বিনোদন ডেস্ক

 

বলিউডের জনপ্রিয় তারকাদের জুটি বাঁধা মানেই নতুন চমক। ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই ভক্তদের উচ্ছ্বাসের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। আর সেই জুটি যদি হূতিক রোশন ও দীপিকা পাডুকোনের হয়, তবে তো কথাই নেই। এখন পর্যন্ত এই দুই তারকা অসংখ্য বক্স অফিস কাঁপানো চলচ্চিত্র বলিপ্রেমীদের উপহার দিলেও একসঙ্গে তাদের দু’জনকে রূপালি পর্দায় দেখা যায়নি। তবে এবার ভক্তদের এই আক্ষেপের পালা শেষ হলো। জানা গেছে, সিদ্ধার্থ আনন্দের পরবর্তী সিনেমায় একসঙ্গে দেখা যাবে হূতিক ও দীপিকাকে। গতকাল নিজের জন্মদিনে ভক্তদের এমন উপহার দেওয়ার ঘোষণা দিলেন সুপারস্টার হূত্বিক। সিদ্ধার্থ আনন্দের স্পাই থ্রিলার ‘ফাইটার’-এ প্রথমবার তিনি দীপিকা পাডুকোনের সঙ্গে জুটি বাঁধার ঘোষণা দিলেন।

জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণামূলক একটি টিজার শেয়ার করেন হূত্বিক। বলা চলে ভক্তদের দারুণ চমক দিলেন ‘সুপার থার্টি’ অভিনেতা। টিজার শেয়ার করে তিনি লেখেন, ‘ফাইটার হিসেবে মারফ্লিক্সের দূর দৃষ্টির এক ঝলক দেখুন। ব্যতিক্রমী দীপিকা পাডুকোনের সঙ্গে আমার প্রথম যাত্রার জন্য অপেক্ষা করছি। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এ আনন্দযাত্রায় সবাইকে স্বাগতম।’ 

এর আগে দীপিকা বেশ কয়েকবার হূত্বিকের সঙ্গে কাজ করার ইচ্ছে পোষণ করেন। এবার নির্মাতা সিদ্ধার্থ আনন্দের হাত ধরেই তার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। অ্যাকশন ঘরানার এই সিনেমায় হূতিক ও দীপিকাকে ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে দেখা  যাবে। দু’জনই বেশকিছু অ্যাকশন দৃশ্যে একসঙ্গে স্টান্ট করবেন।