পিরোজপুর অফিস ও শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
পূর্ব সুন্দরবনের কটকায় পর্যটকের কাছ থেকে ড্রোন জব্দের ঘটনায় রবিবার দুপুরে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে ড্রোন বহনকারীকে জরিমানা করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা থেকে দেশীয় ৩৫ জন পর্যটক বহনকারী এমভি ‘টাঙ্গুয়ার হাওর’ শনিবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন থেকে পাশ নিয়ে কটকা অভয়ারণ্য এলাকায় যাচ্ছিল। এ সময় একজন পর্যটক সুন্দরবনে নিষিদ্ধ ড্রোন উড়িয়ে ছবি তোলার সময় লঞ্চে থাকা বনরক্ষীরা ড্রোনটিকে জব্দ করে। ড্রোন বহনকারী ঢাকা সিটি ব্যাংকের কর্মকর্তা ইলিয়াস হাবিবকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন মুঠোফোনে জানান, সুন্দরবনে ড্রোন জব্দের ঘটনায় একটি বিভাগীয় মামলা রেকর্ড ও ড্রোন বহনকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।