উখিয়ায় কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা উখিয়া থানা পুলিশ রবিবার সকালে ফোরকান উদ্দিন (১৪) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে। রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না সৈকত সড়কের পাশে এস আলম প্লাজার নিচতলায় ব্যবসা প্রতিষ্ঠান হালিমা লাইটিং হাউস থেকে লাশটি উদ্ধার করা হয়। দোকান মালিক শাহ আলম জানান, উদ্ধারকৃত লাশটি তার কর্মচারী তেলীপাড়া গ্রামের বশির আহমদের ছেলে ফোরকান উদ্দিনের। সে দীর্ঘদিন ধরে তার দোকানে কর্মচারীর কাজ করছিল। উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সেনাবাহিনী উদ্যোগে বিনা মূল্যে চিকিত্সাসেবা প্রদান
লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। রবিবার সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এ চিকিত্সাসেবার আয়োজন করা হয়। লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে অভিজ্ঞ চিকিত্সক দ্বারা এলাকার হতদরিদ্র ও অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের চেক বিতরণ
নওগাঁ প্রতিনিধি পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে বক্তব্য রাখেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
শ্যামনগরে চক্ষু চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা মুজিববর্ষে শ্যামনগর উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের চক্ষু চিকিত্সার জন্য বিনা মূল্যে চক্ষু চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা সদরে মর্ডান কে.জি স্কুল মাঠে চক্ষু চিকিত্সা ক্যাম্প উদ্বোধন করেন সংশ্লিষ্ট আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) এস এম জগলুল হায়দার। স্থানীয় স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক উন্নয়ন সংস্থা সিডিও ইয়ুথ টিমের আয়োজনে ও খুলনা বিএনএসবি চক্ষু শিবিরের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আলম খান, উপজেলা নির্বাহী সহকারী ভূমি কমিশনার সুমন জিহাদী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা খানম প্রমুখ।
দর্শনা প্রেসক্লাবের কমিটি গঠন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা গত শনিবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এদিন আগামী দুই বছরের জন্য প্রেসক্লাব কার্যালয়ে দ্বিতীয়বারের মতো মনিরুজ্জামান ধীরুকে (ইত্তেফাক) দর্শনা প্রেসক্লাবের সভাপতি ও হারুন রাজুকে (মাথাভাঙা) সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যের কমিটি ও আওয়াল হোসেনকে (ভোরের কাগজ) সাংবাদিক সমিতির সভাপতি ও এসএম ওসমান আলীকে (অবজারভার) সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
বিজিএফসিএলের ৬৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ৬৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফরমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। জানা যায়, বিজিএফসিএলের পরিচালনাধীন ছয়টি গ্যাস ফিল্ডের মধ্যে কামতা ব্যতীত পাঁচটি ফিল্ড উত্পাদনে রয়েছে। ২০১৯-২০২০ অর্থবছরে ৪৪টি কূপ থেকে দৈনিক গড়ে ৬৮১ মিলিয়ন ঘনফুট হারে মোট ২ লাখ ৪৮ হাজার ৫৯৮ দশমিক ৯৫১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন পাইপলাইনের মাধ্যমে পেট্রোবাংলার গ্যাস বিতরণ কোম্পানিসমূহে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি কোম্পানির নিজস্ব কূপসমূহ থেকে ১ লাখ ৭২ হাজার ২৮৩ ব্যারেল কনডেনসেট উত্পাদিত হয়েছে।
কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ‘তথ্য দিন, সেবা নিন’—এ স্লোগানকে সামনে রেখে কাউখালী থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ এবং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কাউখালী থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন পিপিএম।