জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ গতকাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি ঢাকাস্থ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিলে সমাপ্ত হয়।
ফুল ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মরক্কোর হিসাম লাকুজি এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার এঞ্জেলা জেম অ্যাসুনদে। এছাড়াও ফুল ম্যারাথনে সার্ক ও দেশি দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের বাহাদুর সিং এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন নেপালের পুষ্পা ভান্ডারি। হাফ ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার এডুইন কিপ্রোপ এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার নাওম জেবেত। দেশি অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে মো. ফারদিন মিয়া প্রথম স্থান অধিকার করে।
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। প্রতিযোগিতা শেষে হাতিরঝিলের এম্ফি থিয়েটারে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।