এফএ কাপের তৃতীয় পর্বের ম্যাচে যথাক্রমে ওয়াটফোর্ড, নিউক্যাসল ও স্টোক সিটিকে হারিয়ে পরের পর্বে পা রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল এবং লেস্টার সিটি। লিগ ওয়ানের ম্যাচে স্তাদে ব্রেস্টয়কে ৩-০ গোলে হারিয়ে পিএসজি ম্যানেজার হিসেবে নিজের প্রথম জয়ের দেখা পেয়েছেন মউরিসিও পচেত্তিনো। ওল্ড ট্রাফোর্ডে স্কট ম্যাকটমিনের একমাত্র গোলে দ্বিতীয় ডিভিশনের দল ওয়াটফোর্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে ওলে গুনার সোলসারের ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের অন্যান্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ইমিরেটস স্টেডিয়ামে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে তরুণ মিডফিল্ডার এমিল স্মিথ-রো এবং পিয়ের-এমেরিক অবামেয়াংয়ের গোলে এই জয় পায় আর্সেনাল। আর স্টোক সিটিকে তাদের নিজেদের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ পর্ব নিশ্চিত করেছে ব্রেন্ডন রজার্সের লেস্টার। ওদিকে ফরাসি লিগে পিএসজির ম্যানেজার হিসেবে নিজের প্রথম জয় পেয়েছেন পচেত্তিনো। পার্ক ডি প্রিন্সেসে মইস কিন, মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়ার গোলে সহজ জয় পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।