স্পোর্টস রিপোর্টার
ট্রফি বসুন্ধরা কিংসের। মঞ্চে উঠে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাত থেকে পুরস্কার নিয়ে গেল চ্যাম্পিয়নরা। মঞ্চের চার দিকে বসুন্ধরা কিংসের খেলোয়াড় এবং বিদেশি কোচ, বিদেশি খেলোয়াড়দের স্ত্রী এবং সন্তানরা। তারাও চ্যাম্পিয়নের উল্লাসের ছবি ভিডিও করছিলেন। নিজেদের দেশে পাঠাচ্ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ফেসবুকে লাইভ দেখাচ্ছিলেন বিদেশিদের স্ত্রীরা।
সাইফের খেলোয়াড়রা আগেই রানার্সআপের ট্রফি নিয়ে গেছে। এই দলের নাইজেরিয়ান কেনেথ ইকুচুকু টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন। সেই সঙ্গে তিনি যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন রাউল অস্কারের পাশে। দুজনেই পাঁচটি করে গোল করেন।
এবার যেসব বিদেশি ফুটবলার এসেছেন তাদের মধ্যে এই কেনেথ দারুণ একজন ফুটবলার। যার খেলা দর্শক চোখে লেগেছে। অন্যরকম খুশি বসুন্ধরার অধিনায়ক তপু বর্মন। ফেডারেশন কাপ ফুটবলের টানা চতুর্থ ফাইনাল খেলেছেন তিনি।
গতকাল ফাইনালের বিষয়টি সংবাদমাধ্যমকে বলছিলেন টানা চারটা ফাইনাল খেলার সুযোগ হয়েছে তার। টানা চার টুর্নামেন্ট ফাইনালে খেলেন তপু। ২০১৮ সালে প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন, ২০১৯ সালে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন, এবার ২০২০ সালের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। তিন বছরে চারটি শিরোপা পেল বসুন্ধরা কিংস।