স্পোর্টস ডেস্ক
টেস্টে ৪০৭ রানের লক্ষ্য মানেই পাহাড় সমান। তবু ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে কিছুটা কাঁপিয়ে দেন রোহিত শর্মা ও শুভমান গিল। তবে বোলারদের ওপর ঠিকই আস্থা ছিল অজি অধিনায়ক টিম পেইনের। নিরাশ করেননি বোলাররাও। দুই ওপেনারকে তুলে নিয়ে জয়ের সুবাতাস পাইয়ে দেন দলকে।
সিডনি টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৯৮ রান। হার এড়াতে শেষ দিনে ৩০৯ রান পাড়ি দিতে হবে সফরকারীদের কিংবা টিকে থাকতে হবে পুরোটা দিন। ৯ রানে চেতেশ্বর পুজারাও ৪ রানে ব্যাট করছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। গতকাল সারা দিনই উত্তাপ ছড়ায় বর্ণবাদ ইস্যু। তৃতীয় দিনের মতো গ্যালারি বর্ণবাদী মন্তব্যের শিকার হন ভারতের মোহাম্মদ সিরাজ। যার জের ধরে কিছু দর্শককে স্টেডিয়াম ছাড়া করতে বাধ্য হয় নিরাপত্তা কর্মীরা। এর আগে ২ উইকেটে ৯৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অজিরা। উদ্দেশ ছিল লিড বাড়ানোর। মার্নাস লাবুশেন (৭৩), স্টিভেন স্মিথ (৮১) ও ক্যামেরন গ্রিনের (৮৪) ফিফটিতে ভালোভাবেই সফল হয় তারা। ৬ উইকেটে ৩১২ রান করে ইনিংস ঘোষণা করেন পেইন। জবাবে ৭১ রানের জুটিতে ভারতকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখান রোহিত (৫২) ও গিল (৩১)। কিন্তু গিলকে ফিরিয়ে দলকে স্বস্তি দেন জশ হ্যাজলউড। আর দিন শেষ হওয়ার আগে রোহিতকে শিকার করেন প্যাট কামিন্স। সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়াঃ ৩৩৮ ও ৩১২/৬ ডিক্লে. (লাবুশেন ৭৩, স্মিথ ৮১, গ্রিন ৮৪, পেইন ৩৯*; সাইনি ৫৪-২, অশ্বিন ৯৫-২)। ভারত ১ম ইনিংস: ২৪৪ ও ৩৪ ওভারে ৯৮/২ (লক্ষ্য ৪০৭) (রোহিত ৫২, গিল ৩১, পুজারা ৯*, রাহানে ৪*; হ্যাজলউড ১১-১, কামিন্স ২৫-১)