এসবিএসি ব্যাংক চেয়ারম্যানের ওপর নতুন নিষেধাজ্ঞা

ইত্তেফাক রিপোর্ট

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান ও লকপুর গ্রুপের কর্ণধার এস এম আমজাদ হোসেন এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আমজাদ হোসেন ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে অর্থ পাচারের চেষ্টার অভিযোগ ওঠায় দুদক এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। আর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলামের কাছে দুদকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয়েছে, দুদক গোপন সূত্রে জানতে পেরেছে, এস এম আমজাদ হোসেন ব্যাংকের শেয়ারসহ অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির চেষ্টা করছেন। এসব অর্থ অবৈধ প্রক্রিয়ায় দেশের বাইরে পাচারের চেষ্টাও করছেন তিনি, যা মানি লন্ডারিং অপরাধ। আমজাদ হোসেন, তার স্ত্রী বেগম সুফিয়া আমজাদ এবং মেয়ে তাজরি আমজাদের নামে থাকা শেয়ার হস্তান্তর প্রক্রিয়া বন্ধ থাকা দরকার বলেও চিঠিতে বলা হয়। চিঠিতে আরো বলা হয়, এস এম আমজাদ হোসেনের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।