ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। তবে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। অবশ্য শেষ দুই ঘণ্টার লেনদেনে বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। তথ্যে দেখা গেছে, গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৪ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৫০টি এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। মূল্যসূচকের সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০৫ কোটি ৬৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৭০৮ কোটি ১০ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১২২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ১০২ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ৯৫ কোটি ২২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল হাউজিং, আইপিডিসি ফাইন্যান্স, কনফিডেন্স সিমেন্ট, পাওয়ার গ্রিড এবং অ্যাকটিভ ফাইন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৯৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৩টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।