বন্ধু ও বন্ধুত্ব জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রকৃত বন্ধুরা একে-অপরের সুখে-দুঃখে, বিপদে-আপদে স্বার্থহীনভাবে পাশে এসে দাঁড়ায়। দুঃখ-কষ্ট, মান-অভিমান, ভালোলাগা-খারাপলাগা সবকিছু বন্ধুর সঙ্গেই শেয়ার করা যায়, অন্য কারো সঙ্গে নয়। যে বন্ধুত্বে সততা ও বিশ্বস্ততা নেই সে বন্ধুত্ব বেশিদিন টেকে না। দার্শনিক এরিস্টটল বলেছেন, দুর্ভাগা তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। কথাটি যেমন সত্য, ঠিক তেমনি বর্তমান সময়ে প্রকৃত বন্ধু নির্বাচন করা কষ্টসাধ্যও বটে। বন্ধু নির্বাচনে সচেতন হওয়া জরুরি। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে শেখ সাদীর একটি উক্তি—‘সত্ সঙ্গে স্বর্গবাস, অসত্ সঙ্গে সর্বনাশ।’ একজন ভালো বন্ধু যেমন একজনের জীবনধারা পালটে দিতে পারে, তেমনি একজন খারাপ বন্ধুর প্রভাবে একজন খারাপ পথে ধাবিত হয়। জীবনে বন্ধুত্বের প্রভাব অনেক বেশি। তাই বন্ধু নির্বাচনে অবশ্যই সতর্ক থাকতে হবে। সাম্প্রতিক কিছু ঘটনা ‘বন্ধুত্ব’ বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে। গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বন্ধুরা গ্রুপ স্টাডির কথা বলে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়। প্রত্যেক মা-বাবাকেই সন্তানের আচার-আচরণ, চলাফেরার গতি-প্রকৃতি সম্পর্কে সজাগ থাকতে হবে। পাশাপাশি বন্ধুত্ব নির্বাচনে দরকার সর্বোচ্চ সতর্কতা।
হাচান মাহমুদ শুভ
শিক্ষার্থী, এমবিবিএস (প্রথম বর্ষ),
ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, গাজীপুর