স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
ইত্তেফাক রিপোর্ট
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গতকাল সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে দোয়া মাহফিল, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে কেন্দ্রীয় যুবলীগ।
উক্ত অনুষ্ঠানে আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশ মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বীদের। এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের উন্নয়নকে নিয়ে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে বা ষড়যন্ত্র করার ধৃষ্টতা দেখাবে, তাদের বিরুদ্ধে যুবলীগের প্রতিটি নেতাকর্মী রুখে দাঁড়াব, তাদের সব ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিব-বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই হোক যুবলীগের অঙ্গীকার।
এ সময় আরো বক্তব্য রাখেন—যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, শেখ ফজলে ফাহিম, মো. এনামুল হক খান, তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, মো. সাইফুর রহমান সোহাগ, মো. শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তর সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল রোববার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনের সামনে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিদয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয়, মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে মহানগরীর দক্ষিণ ভোগড়া ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গতকাল শোভাযাত্রা বের করে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল উপজেলার এস এম মাযহারুল হক অডিটরিয়ামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু এতে সভাপতিত্ব করেন।