অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফের রবখাস্ত হওয়া সাবেক ওসি প্রদীপ কুমার দাশের জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে আবেদন খারিজ করে দেন। এ সময় আসামি ওসি প্রদীপ কুমার দাশকে আদালতে হাজির করা হয়।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। মামলার প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৮ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন। অবৈধ সম্পদ অর্জন মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার সময় এ পর্যন্ত চার বার পেছানো হলো।
গত ২৩ আগস্ট দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-২-এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের মামলাটি দায়ের করেন। মামলায় ওসি প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকি কারণকেও আসামি করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।