আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ বলেছেন, ১০ জানুয়ারি চির স্মরণীয় ও অন্যন্য ঐতিহাসিক একটি দিন। ১৯৭২ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বিজয়ের পরিপূর্ণতা অর্জন করে। ১৬ ডিসেম্বর আমরা হানাদারমুক্ত হই। কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি নাই। যেদিন বঙ্গবন্ধুর ফিরে এলেন সেদিনই অর্থাত্ ১০ জানুয়ারি আমদের স্বাধীনতার পূর্ণতা লাভ করেছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে আমরা আজও পাকিস্তানের দাসত্বের শিকলে আবদ্ধ থাকতাম।
রবিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুল হক বাহালুল, সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্মসম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ও সদর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।