আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি সংগ্রামে আমরা অনেক দূর উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে গেছি। কিন্তু এখনো সাম্প্রদায়িক অপশক্তি আমাদের বিজয়কে সংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাজেই বিজয়কে সুসংহত করতে হলে এই অপশক্তিকে পরাজিত করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে আমাদের বিজয়ের ৫০ বছর পর একটা কথা মনে পড়ে, যে আমরা কি বিজয়কে সুসংহত করতে পেরেছি? বদলে যাওয়া বাংলাদেশের কারিগর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। কাদের বলেন, আমাদের শত্রুরা এখনো তত্পর, এখনো তারা ষড়যন্ত্র করছে। কাজেই শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা বিজয়কে সুসংহত করব। এটাই আজকের প্রত্যাশা।
এর আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।