তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার ছিল এই ধাপে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন এসব পৌরসভায় মেয়র, সাধারণ কমিশনার ও সংরক্ষিত নারী কমিশনার পদে ২২৭ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই ধাপে তিন পদে মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন ৩ হাজার ৩৩৪ জন। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এসব তথ্য জানান।
মাঠপর্যায় থেকে ইসিতে আসা তথ্য অনুযায়ী, এই ধাপে মেয়র পদে মনোনয়ন দাখিল করেছিলেন ২৮৭ জন। বাছাইয়ে বাতিল হয়েছিল ৩০ জনের মনোনয়ন। তখন বৈধ প্রার্থী ছিলেন ২৫৭ জন। পরে আপিল শুনানি শেষে বৈধ প্রার্থী ছিলেন ২৫৯ জন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল। এই ধাপে ৩০ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২২৯ জন।
সংরক্ষিত নারী কমিশনার পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ৭৯৩ জন। বাছাইয়ে ২১ জনের মনোনয়ন বাতিল হওয়ার পর প্রার্থী ছিলেন ৭৭২ জন। আপিল শুনানি শেষে প্রার্থী ছিলেন ৭৬৮ জন। গতকাল প্রত্যাহার করে নিয়েছেন ১৩ জন। ফলে এই পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৭৫৫ জন।
আর সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ২ হাজার ৬৩৫ জন। বাছাইয়ে ১১৬ জনের মনোনয়ন বাতিল হলে প্রার্থী ছিলেন ২ হাজার ৫১৯ জন। আপিল শুনানি শেষে প্রার্থী ছিলেন ২ হাজার ৫৩৭ জন। গতকাল প্রত্যাহার করে নিয়েছেন ১৭৬ জন। ফলে এই পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ২ হাজার ৩৬০ জন।
এরই মধ্যে ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি ৫৬ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।