পল্লবীর আরমানকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে আবেদন

প্রকৃত অপরাধী না হয়েও কারাভোগকারী মো. আরমানকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে ঐ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ক্ষতিপূরণ প্রদানের আদেশ স্থগিত চেয়ে পুলিশের আইজির পক্ষ থেকে গতকাল এ আবেদন করা হয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত।

গত ৩১ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে মাদক মামলায় কারাগারে থাকা পল্লবীর বেনারসি কারিগর নির্দোষ মো. আরমানকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। একই সঙ্গে অপরাধী না হয়েও প্রকৃত আসামির পরিবর্তে কারাভোগের জন্য তাকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে বলা হয়। রায় প্রাপ্তির এক মাসের মধ্যে পুলিশের আইজি ও ডিএমপি কমিশনারকে এ অর্থ আরমানকে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। রায়ে ঐ মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত প্রকৃত আসামি মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিনের পরিবর্তে নিরপরাধ আরমানকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় পল্লবী থানার তত্কালীন ওসি দাদন ফকিরসহ চার পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ দিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। এছাড়া এ ঘটনার আদ্যোপান্ত তদন্ত করে ১১ এপ্রিলের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদারকে নির্দেশ দেওয়া হয়।