ঢাকার অদূরে তুরাগ নদের পারে নতুন সিটি তৈরি এবং পুরান ঢাকাকে নতুনভাবে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ‘সবার ঢাকা’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, তুরাগ নদের তীরে আধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত একটি অত্যাধুনিক দৃষ্টিনন্দন শহর তৈরির লক্ষ্যে কাজ চলছে। ঢাকা শহরের সব খাল দখলমুক্ত করে নগরবাসীকে আধুনিক শহর উপহার দিতে যত চ্যালেঞ্জ আসুক না কেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সবার স্বপ্নের ঢাকা বিনির্মাণ করা হবে। তিনি বলেন, যদি হাতিরঝিল থেকে বনানী, হাতিরঝিল থেকে ইউনাইটেড হাসপাতাল পর্যন্ত সংযোগ স্থাপন এবং অন্য খালগুলোকে একটির সঙ্গে অন্যটির সংযোগ করা যায়, তাহলে অবশ্যই ঢাকা উন্নত রাষ্ট্রের শহরের চেয়েও দৃষ্টিনন্দন হবে। ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত ছিলেন। অ্যাপে উত্তর সিটির নাগরিকেরা তাদের অভিযোগ জানাতে পারবেন।