সাঈদ খোকনকে দল থেকে বহিষ্কারের দাবি আইনজীবীদের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের অভিযোগ এনে সাবেক মেয়র সাঈদ খোকনকে আওয়ামী লীগের সব পর্যায় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন আওয়ামী সমর্থক আইনজীবীরা। তারা বলছেন, সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের যে তদন্ত চলছে তা থেকে নিজেকে রক্ষা করতেই মেয়র তাপসের বিরুদ্ধে তিনি বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। গতকাল রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন সাজু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির, বাংলাদেশ আইন সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রমুখ।