গান, কবিতা ও নৃত্যালেখ্যসহ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি উদ্যাপন করেছে শিল্পকলা একাডেমি। গতকাল রবিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অনলাইনে যুক্ত হন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব মো. বদরুল আরেফীন। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব মো. নওসাদ হোসেন।
জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের ৯ মাস পাকিস্তানের কারাগারের অন্ধকার কুঠুরিতে থেকেও বঙ্গবন্ধু স্বাধীনতার প্রশ্নে ছিলেন অনড় ও অটল। তিনি ছিলেন আপসহীন। কারাগারে ও রেস্টহাউজে জুলফিকার আলি ভুট্টো একাধিকবার বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে তাকে নানা রকমের প্রলোভন দেখান। কোনো কিছুই তাকে নোয়াতে পারেনি এবং তিনি নিজেকে বিকিয়েও দেননি। এমন আপসহীন ও নীতিবান নেতা শুধু এ দেশেই নয়, সার বিশ্বে খুব একটা নেই বললেও ভুল বলা হবে না।’
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে গানের সুরে, নাচের মুদ্রায়, কবিতার উচ্চারণে বঙ্গবন্ধুকে স্মরণ করেন শিল্পীরা। সাংস্কৃতিক পর্বে একক কণ্ঠে অনুপমা মুক্তি পরিবেশন করেন ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের সোনার বাংলায়, ‘কেউ পারেনি সারা বাংলা এক মিছিলে আনতে’ এবং ‘স্বাধীনতা মানে বাঙালির কাছে মুজিবুর রহমান’। লিয়াকত আলী লাকীর কথায় ‘পিতা’ এবং হুমায়ুন কবিরের কথায় ‘বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ’ গান দুটি গেয়ে শোনান এস আই টুটুল। প্রিয়াংকা বিশ্বাস পরিবেশন করেন ‘টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা’ এবং ‘একজনই শুধু শেখ মুজিব, একজনই শেখ হাসিনা’। কিশোর গেয়ে শোনান ‘হে বন্ধু বঙ্গবন্ধু তোমার কালো ফ্রেমের চশমাটা’। ঝিলিক গেয়ে শোনান ‘ও আমার বাংলা মা তোর’, ‘জন্ম আমার ধন্য হলো’। ‘বঙ্গবন্ধু তুমি আমাদের জাতির পিতা’ এবং ‘এক মহাকাব্যের ছয়টি কবিতা’ গান দুটি পরিবেশন করেন হৈমন্তী রক্ষিত। দ্বৈতকণ্ঠে ঝিলিক ও কিশোর পরিবেশন করেন ‘শোধ করা যাবে সকলের ঋণ, শুধু শোধ করা যাবে না পিতা তোমার রক্তের ঋণ’।
লিয়াকত আলী লাকীর ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সভ্যতার সংকট’ থেকে কথায় আশিকুর রহমান, নির্ঝর চৌধুরী ও শাহরিয়ার আলম মার্সেলের কণ্ঠে ‘ঐ মহামানব আসে’ শিরোনামে সমবেত সঙ্গীতের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীরা। রোকন ইমনের কণ্ঠ ও সঙ্গীতে নৃত্যালেখ্য ‘বঙ্গবন্ধুর স্বপ্ন সংগ্রাম’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। কবি কামাল চৌধুরীর কবিতা ‘১০ জানুয়ারি ১৯৭২’ এবং মুহম্মদ নূরুল হুদার ‘অজেয় জাতির অজেয় পিতা’ কবিতা দুটি আবৃত্তি করেন বাচিকশিল্পী প্রজ্ঞা লাবনী। শিল্পকলা একাডেমির প্রযোজনায় নৃত্যনাট্য ‘যতদিন রবে পদ্মা মেঘনা’ পরিবেশন করে ধৃতি নর্তনালয়।