হিলি দিয়ে আসতে শুরু করেছে ভারতীয় চাল

ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতা বিরাজ করায় বাজার স্বাভাবিক রাখতে শুল্ক কমিয়ে চাল আমদানির সরকারি সিদ্ধান্তের পরই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে চাল আমদানি। গত শনিবার প্রথম চালানের তিনটি চালবাহী ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আর প্রথম দিনে এই তিন ট্রাকে চাল এসেছে ১১২ মেট্রিক টন। ৩৫ মাস পর এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করল ভারতীয় চালবাহী ট্রাক।

হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, মেসার্স জগদীশ চন্দ্র রায় নামের একটি প্রতিষ্ঠান হিলি স্থলবন্দর দিয়ে গত শনিবার ভারত থেকে প্রথম চাল নিয়ে আসে। আমদানিকারক মেসার্স জগদীশ চন্দ্র রায় প্রতিষ্ঠানের প্রতিনিধি শ্রীপদ জানান, সরকারের বিভিন্ন শর্তাবলি মেনে ১০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছেন তারা। এর মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে প্রথম চালানের ৬০০ মেট্রিক টনের মধ্যে ১১২ মেট্রিক টন চাল দেশে প্রবেশ করল।

এদিকে এই বন্দর দিয়ে রেনু কন্সট্রাকশন নামের আমদানিকারক আরো একটি প্রতিষ্ঠান চাল আমদানির অনুমতি পেয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। তাদেরও চাল দু-একদিনের মধ্যেই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। আমদানিকারক রেনু কন্সট্রাকশন প্রতিষ্ঠানের প্রতিনিধি আনিছুর রহমান জানান, হিলি স্থলবন্দর দিয়ে তারা ১৫ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। সরকারের শর্তাবলি মেনে কার্যক্রম শুরু করেছেন। আগামী দু-একদিনের মধ্যেই তাদের আমদানিকৃত চাল আসতে শুরু হবে বলে জানান তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, এই স্থলবন্দর দিয়ে আরো বেশ কয়েকজন আমদানিকারক চাল আমদানির অনুমতি পেয়েছেন। তাদের চাল আসতে শুরু করলে বাজারে চালের মূল্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, দীর্ঘ ৩৫ মাস পর হিলি বন্দর দিয়ে চালের চালান এলো বাংলাদেশে। বন্দরে ৩৫৬ ডলারে চাল আমদানি করা হচ্ছে। তিনি আরো বলেন, বন্দরের অন্যান্য প্রতিষ্ঠানও চাল আমদানির জন্য এলসি করেছে। চাল আমদানি পুরোদমে শুরু হলে বাজারে চালের দামও কমে আসবে। এর আগে হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ ২০১৭ সালে ভারত থেকে বাংলাদেশে চাল আমদানি হয়। উল্লেখ্য, সরকার গত ২৭ ডিসেম্বর চাল আমদানির শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে। এরপর গত ৭ জানুয়ারি আরো ১০ শতাংশ কমিয়ে চালের আমদানি শুল্ক ১৫ শতাংশ করার ঘোষণা দেয় সরকার।

ইত্তেফাক/জেডএইচডি