সৈয়দপুর পৌরসভা নির্বাচন

পাঁচ মেয়র প্রার্থী, ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য সৈয়দপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে জমে ওঠেছে প্রচার-প্রচারণা। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আফসার হোসেন মিয়ার সঙ্গে কথা বললে তিনি জানান, যে যাই বলুক সৈয়দপুরের ভোটে হবে ত্রিমুখী লড়াই। নির্বাচন জমে ওঠেছে এটাই বড় কথা।

সৈয়দপুর পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন প্রার্থী। আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন রাফিকা আকতার জাহান বেবী। সম্প্রতি তার স্বামী সাবেক মেয়র আখতার হোসেন বাদলের মৃত্যু হলে কেন্দ্র থেকে তাঁকেই মনোনয়ন দেওয়া হয়। রাফিকা আকতার জাহানের সঙ্গে প্রচারণায় অংশ নিচ্ছেন নীলফামারীর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। তিনি বলেন, নৌকার জয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা আশাবাদী।

বিএনপি থেকে এবার মনোনয়ন দেওয়া হয়নি বর্তমান মেয়র মো. আমজাদ হোসেন সরকারকে। সে স্থলে মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমানকে। কিন্তু অসুস্থতার কথা বলে তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। ফলে এ নির্বাচনে বিএনপির প্রার্থী নেই। আছে বিএনপির বিদ্রোহী মেয়র পদপ্রার্থী মো. আমজাদ হোসেন সরকার। তার প্রতীক নারিকেল গাছ। এ নিয়ে কথা হয় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবদুল গফুর সরকারের সঙ্গে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ। ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছি। মেয়র আমজাদ পুনরায় নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। মাঠে ধানের শীষ না থাকায়—এ সুযোগ কাজে লাগাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী শিল্পপতি সিদ্দিকুল আলম। তার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন তারুণ্যদীপ্ত একদল তরুণ।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ১৫টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থীর মৃত্যু হওয়ায় নতুন তফসিলে ভোটগ্রহণ করা হবে ১৪ ফেব্রুয়ারি। বাদবাকী ১৪টি ওয়ার্ডে ৮১ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচটি সংরক্ষিত আসনে ২১ জন নারী প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।

বোয়ালমারীতে শেষ মুহূর্তে জমে উঠছে প্রচার-প্রচারণা

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা জানান, আগামী ১৬ জানুয়ারি বোয়ালমারী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের গণসংযোগ, প্রচার-প্রচারণা জমে উঠছে। নির্বাচনে মেয়র পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ থেকে সেলিম রেজা লিপন, আওয়ামী লীগের বিদ্রোহী মো. মনিরুজ্জামান মৃধা লিটন ও বিএনপি থেকে আ. শুকুর দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও ভোট প্রার্থনা করছেন। কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীরা নিজ নিজ প্রতীকে এলাকায় প্রচার-প্রচারণাসহ ভোট প্রার্থনা করছেন। নির্বাচনে কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/জেডএইচডি