শীতে হাতের যত্নে...

শীতে চাই হাতের যত্নের ব্যাপারে একটু বাড়তি সচেতনতা। আর একটু যত্ন নিলেই এই শীতেও বছরের অন্যান্য সময়ের মতো  হাতের ত্বক নরম ও মসৃণ থাকবে। যা আপনাকে দেবে বাড়তি আত্মবিশ্বাস।

এক জোড়া গ্লাভস

গ্লাভস পরার কথা বললেই মনে হতে পারে হাড় কাঁপানো কোনো শীতের জায়গায় বেড়ানোর কথা বলা হচ্ছে বুঝি। কিংবা প্রচণ্ড শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের শহুরে শীতেও যে গ্লাভস পরা যেতে পারে, এই কথা সচরাচর আমাদের মনেই থাকে না। যেহেতু শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কমে যায়, তাই শীতকালে খুব ভোরে কিংবা রাতে বাইরে বেরোনোর আগে অবশ্যই হাতে একজোড়া গ্লাভস লাগিয়ে তবেই বের হবেন। উলেন গ্লাভসে খুব অসুবিধা হলে তা বাদ দিয়ে সুতির গ্লাভসও পরতে পারেন। তবে হ্যাঁ, গ্লাভস পরার আগে অবশ্যই হাতে ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিবেন। এর ফলে আপনার হাতে শীতের রুক্ষতার সরাসরি কোনো প্রভাব পড়বে না এবং আপনার হাতের ময়েশ্চারাইজার নষ্ট হবে না।

ময়েশ্চারাইজিং হ্যান্ড সোপ

আমরা শরীরের অন্যান্য অংশের যতটা যত্ন নিয়ে থাকি না কেন, হাতের দিকে খুব একটা খেয়াল রাখি না। আবার সারাদিন এই হাত দুটিকেই হাজারটা কাজ করতে হয়। বারবার পানিতেও ভিজাতে হয়। এর ফলে হাত খুব সহজেই রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। তাই হাত সবসময় ময়েশ্চারাইজিং হ্যান্ড সোপ দিয়ে ধোবেন। প্রয়োজন হলে ব্যাগের এক কোণেও রেখে দিতে পারেন। এই সাবান কেনার আগে দেখে নেবেন তাতে অলিভ ওয়েল ও অ্যালোভেরা আছে কি না। আসলে অলিভ ওয়েল ও অ্যালোভেরাতে বেশি পরিমাণে ময়েশ্চারাইজিং উপাদান থাকে।

ময়েশ্চারাইজিং ক্রিম

দিনের মধ্যে বেশ কয়েকবার হাতে ময়েশ্চারাইজিং ক্রিম অথবা লোশন লাগান। বিশেষ করে হাত ধোয়ার পরে অবশ্যই লাগাবেন। শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকার কারণে হাত শুষ্ক হয়ে যায়। তাই যখনই মনে হবে যে হাত শুষ্ক হয়ে যাচ্ছে, তখনই হাতে ক্রিম লাগিয়ে নেবেন। আর সব সময় হাত ঠান্ডা পানিতে না ধুয়ে সামান্য গরম পানিতে ধোয়ার চেষ্টা করুন। বিশেষ করে গোসলের পরে সারা শরীরে ময়েশ্চারাইজার লাগানোর সঙ্গে হাতেও ভালো করে লাগিয়ে নিন।

ম্যানিকিওর

শীতকালে মাসে অন্তত একবার অবশ্যই কোনো ভালো পার্লারে গিয়ে ম্যানিকিওর করিয়ে নেবেন। নানা রকম ম্যানিকিওর হয়। আপনার পছন্দ এবং সুবিধামতো বেছে নিন যে কোনো একরকম। আসলে প্রফেশনাল পদ্ধতিতে হাতের পরিচর্যা ও যত্ন করালে হাতের ত্বকে বজায় থাকবে কোমলতা ও জেল্লা।

রাতের যত্ন

n রাতে শুতে যাওয়ার আগে ময়েশ্চারাইজিং হ্যান্ড সোপ দিয়ে হাত ধুয়ে নিন।

n রাতে শুতে যাওয়ার আগে বাদাম তেল ভালোভাবে ম্যাসাজ করুন। সারারাত এই তেল রেখে দিন। এতে করে ত্বক কোমল থাকবে।

n অ্যালোভেরার সঙ্গে ভিটামিন ই মিশিয়ে একটা বোতলে রেখে দিন। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এই মিশ্রণ দিয়ে হাত ম্যাসাজ করে নিতে পারেন।

n রাতে পানি কম ঘাটবেন। বেশি পানি ঘাটলে ত্বকের স্বাভাবিক ময়েশ্চার নষ্ট হয়ে যায়।