পোশাক শ্রমিকদের নিরাপদ পানি সরবরাহে ওয়াটার বুথ চালু

সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ সরকার।  ২০২৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে ১০ লাখ মানুষের জন্য বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি বিষয়ক সুব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে জেটিআই ফাউন্ডেশনের ‘ওয়াশ’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় জেটিআই ফাউন্ডেশনের অর্থায়নে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ, ‘সুজলা-প্রমোটিং ওয়াটার এন্টারপ্রেনারস অ্যান্ড ডিজিটাল ফিন্যান্সিং মেকানিজম ইন বাংলাদেশ’ নামে একটি পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করছে, যার প্রাথমিক লক্ষ্য হলো পোশাকশিল্প কর্মীদের আবাসিক এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা। এই প্রকল্পের পরীক্ষামূলক ধাপ হচ্ছে, পোশাকশিল্প কর্মী ও তার আবাসিক এলাকায় বসবাসরত সকল পেশার মানুষের জন্য নিরাপদ পানির সংস্থান করা।

এ পর্যন্ত প্রকল্পটি ঢাকা, গাজীপুর এবং চট্টগ্রামে ১টি করে মোট ৩টি ওয়াটার বুথ চালু করেছে। এরমধ্যে ২টি ওয়াটার বুথে এটিএম কার্ডের ব্যবস্থা আছে, যে কারণে খুব সহজেই এটিএম কার্ডে রিচার্জের মাধ্যমে অর্থ পরিশোধ করে যে কোনো পরিমাণ পানি সংগ্রহ করা যায়। মাত্র এক মাসে গাজীপুর ও চট্টগ্রামের ২টি বুথে সাত শতাধিক গ্রাহক নিবন্ধন সম্পন্ন হয়েছে, যা খুবই আশাব্যঞ্জক। সুজলা প্রকল্পের সহায়তায় প্রতিষ্ঠিত পানির বুথগুলোর নিরাপদ পানি উত্পাদনের সক্ষমতা প্রতি ঘণ্টায় এক হাজার লিটার।