উজিরপুরে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, আটক ৪

বরিশালের উজিরপুর থানায় দুই পক্ষের হাতাহাতি ঠেকাতে গিয়ে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে।  আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

এ ঘটনায় হামলাকারী ৪ জনকে আটক করেছে পুলিশ।  আটককৃতরা হচ্ছে উজিরপুরের মুন্ডপাশা গ্রামের সজিব হাওলাদার, রাজিব, সাইফুল ও মাইনুল। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ইভটিজিংয়ের অভিযোগ এনে এক মেয়ের পরিবারের সদস্যরা স্থানীয় আজিজ ফকিরের ছেলে নোমান ফকিরকে মারধর এবং পিতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।  

আরও পড়ুনঃ পশ্চিমাঞ্চল রেলওয়েতে কৃষিপণ্য পরিবহনে যুক্ত হচ্ছে লাগেজ ভ্যান

এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নোমান ফকিরকে আটক করে থানায় নিয়ে যায়।  দুপুরের পর ইভটিজিংয়ের শিকার ঐ মেয়ের পক্ষের ৬/৭ জন থানায় ঢুকে নোমান ফকিরের উপর পুনরায় হামলা চালায়।  এসময় থানায় কর্তব্যরত ডিউটি অফিসার এসআই সুদেব, এসআই মাহবুব এবং এএসআই হাসান তাদেরকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালানো হয়।  

উজিরপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানিয়েছেন, পুলিশের উপর হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  আটককৃতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


ইত্তেফাক/এমএএম