প্রতিবন্ধীদের মর্যাদা দিন

এই পৃথিবীতে সবাই নিজের অধিকার নিয়ে বাঁচতে চায়। সবাই পৃথিবীর এই সৌন্দর্য ও মাধুর্য সমানভাবে ভোগ করতে চায়। কিন্তু প্রতিবন্ধীদের পরিবার, সমাজ, দেশের জন্য অভিশাপস্বরূপ ভাবা হয়। তারা পারে না আর পাঁচটা শিশুর মতো বেড়ে উঠতে। তারা পায় না মাথা উঁচু করে পৃথিবীতে বাঁচার সাহস। প্রতিবন্ধীদের নিয়ে অভিভাবকের অনেক ভাবনা। প্রতিবেশীরা কী বলবে, আত্মীয়স্বজনরা কী ভাববে? এইসব ভেবে তাদের কখনোই ঘরের বাইরে নেওয়া হয় না, তাদের করে রাখা হয় ঘরবন্দি। পৃথিবীর সৌন্দর্য তারা উপভোগ করতে পারে না।

প্রতিবন্ধীদের আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। কারণ তারা আমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ। আমাদের মতো তারাও চায় মাথা উঁচু করে পৃথিবীতে বাঁচতে। পৃথিবীতে নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে জীবনকে এগিয়ে নিতে। তাই এই কুসংস্কার বেড়াজাল যেন কোনো প্রতিবন্ধী শিশুকে না আটকায় সেই ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধকতা যেন কারো বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে আমাদেরই খেয়াল রাখতে হবে। অভিভাবক, পরিবার, দেশের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। একটু সুযোগ পেলেই তারাও জাতির ভবিষ্যতে গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সাদিয়া আফরোজ নুহা

চরফ্যাশন সরকারি টি. ব্যরেট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভোলা