রাজশাহীর গোদাগাড়ীতে তুলনামূলক আগে আহরণ করা টম্যাটো পাকানোর জন্য ব্যবহার করা হচ্ছে ইথিফন নামক বিষাক্ত রাসায়নিক। টম্যাটো ব্যবসায়ীরা যে হরমোন জাতীয় মেডিসিন দিয়ে ফল পাকানোর কাজ করছে, তার বোতলের গায়ে স্পষ্টভাবে লেখা রয়েছে—‘ফল পাকানোর জন্য ব্যবহার করা যাবে না’। তা সত্ত্বেও কিছু মুনাফালোভী ব্যবসায়ীর এই অপকর্ম বন্ধ হয়নি। এসব টম্যাটো রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ফল পাকানোর জন্য ব্যবহারযোগ্য নয়, এমন জিনিস দিয়ে ফল পাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ধারায় বিভিন্ন মেয়াদে শাস্তির কথা বলা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শ্যাম্পু, ইথিফন ও ডায়াথিনের মতো রাসায়নিক উপাদান দিয়ে পাকানো টম্যাটো পেটের পীড়া, কিডনি বিকল, লিভারে সমস্যা এবং রক্ত স্বল্পতাসহ নানান জটিলতা সৃষ্টি এমনকি ক্যানসারের মতো দুরারোগ্য রোগের কারণ। এমন পরিস্থিতিতে মনিটরিং সেল গঠনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানাচ্ছি।
মো. আবদুল হাকিম জুবাইর
শিক্ষার্থী, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া