সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুর পৌরসভার নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দের পর শহরের প্রেসপাড়ায় বেড়েছে ব্যস্ততা। দিন-রাত সব প্রেসে জোরেশোরে চলছে প্রার্থীদের নির্বাচনি স্টিকার, ফেস্টুন, ডিজিটাল ব্যানার ও ইস্তেহার ছাপার কাজ।
প্রেসপাড়া শহিদ ডা. জিকরুল হক সড়কসহ শহরে ছোট-বড় অর্ধশত প্রেস এখন ব্যস্ত সময় পার করছে মুদ্রণ কাজ নিয়ে। প্রেস মালিকদের সূত্র জানায়, চলমান করোনাকালে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানাদি সীমিত হয়ে যাওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাপাখানার ব্যবসায় চরম মন্দা চলছিল। তবে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ায় সৈয়দপুরের প্রেস মালিকদের ব্যবসায় গতি ফিরেছে। ব্যবসা ধরতে ছাপাখানার মালিকরা কাগজ, কালি, প্লেট ও কেমিক্যালসহ মুদ্রণ উপকরণ আগাম মজুত রেখেছেন।
এদিকে পৌর নির্বাচনকে কেন্দ্র করে বড় ব্যবসায়ীরা কাগজের দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন প্রেস ও স্থানীয় কাগজ ব্যবসায়ীরা।
তারা জানান, পাইকারী বাজারে ৫৫ গ্রামের কাগজ প্রতি রিম ১২০০ টাকা থেকে বেড়ে ১৪০০ টাকায়। বর্তমানে ৬৫ গ্রাম কাগজ প্রতি রিম ১৪০০ টাকা থেকে বেড়ে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
সৈয়দপুর একতা অফসেট প্রেসের মালিক রেজাউল করিম রিপন জানান, স্থানীয় সরকারের পৌর নির্বাচন শুরু হওয়ায় প্রেস ব্যবসায় মন্দা কাটতে শুরু করেছে। প্রেসগুলো নির্বাচনি পোস্টার, লিফলেট, স্টিকার ও ডিজাইন কাজ নিয়ে এখন ব্যস্ত। ছাপার অর্ডার নেওয়ার সঙ্গে ডেলিভারির কাজও চলছে সমানতালে। নির্বাচনকে কেন্দ্র করে কাগজ ও মুদ্রণ উপকরণের মূল্য কিছুটা বৃদ্ধি পাওয়ায় তাদের মুনাফা কমে গেছে। তাই লাভ কম হলেও বেশি বেশি ছাপার অর্ডার নিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
মদিনা প্রিন্টিং প্রেসের মালিক মো. মাহবুব বলেন, প্রতীক বরাদ্দের দিন থেকে শহরের সব প্রেসে পোস্টার, লিফলেট ছাপানোর কাজ পুরোদমে চলছে। সবার আশা নির্বাচনের কারণে ব্যবসা ভালো হবে। তবে এ ব্যবসায় প্রতিযোগিতা থাকায় সামান্য লাভে কাজ করতে হচ্ছে। করোনাকালে ধাক্কায় প্রেস ব্যবসা টিকিয়ে রাখতে প্রতিযোগিতার চ্যালেঞ্জ নিয়ে কাজ আমরা করছি।