কাঠালিয়ায় ব্রিজ পুনর্নির্মাণের দাবি

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

উপজেলা সদরের আউরা খালের ওপর শত বছরের পুরোনো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজটি পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সামাজিক আন্দোলন কাঠালিয়া’র উদ্যোগে সোমবার সকাল ১১টায় ব্রিজসংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সামাজিক আন্দোলন কাঠালিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মো. তুহিন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দার, মো. শফিক জোমাদ্দার, মেহেদী হাসান মিতু পঞ্চায়েত ও মো. ইসরাফিল হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।