নরসিংদীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী শহরের ভেলানগরে সোমবার নাইমুল হাসান নামের এক যুবক ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন। নিহত যুবকের বাড়ি নাটোর জেলায়। তিনি নরসিংদীর ভেলানগর এলাকায় থাকতেন এবং একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। চট্টগ্রাম মেইল ট্রেনে এক আত্মীয়কে তুলে দিয়ে বাসায় ফেরার পথে ভেলানগরের চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন মোটরসাইকেল আরোহী নাইমুল। ছিনতাইকারীরা তার গতিরোধ করলে তিনি বাধা দিলে পর পর কয়েকটি ছুরিকাঘাত করায় ঘটনাস্থলেই নাইমুলের মৃত্যু হয়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব দত্ত চৌধুরী জানান, নিহত নাইমুল হাসানের সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে তার বাড়ি নাটোর বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।