করোনা টেস্ট নিয়ে ভয়ে আছেন হকি কোচ হারুন

অনুশীলন শুরু আজ

 স্পোর্টস রিপোর্টার

করোনা পরীক্ষার জন্য গতকাল খেলোয়াড়, কোচসহ ৪৫ জনের নমুনা নিয়ে সংগ্রহ করা হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আজ বিকাল ৩টায় হকি স্টেডিয়ামে প্রাথমিক জাতীয় হকি দলের প্রশিক্ষণ শুরু হবে। কোচ মাহবুব হারুন বললেন, ‘শুধু খেলোয়াড়দের নেগেটিভ হলেই তো হবে না। আমি কোচ আমারও নেগেটিভ রিপোর্ট আসতে হবে।’ ভয় পাচ্ছেন নাকি কোচ। হারুন বললেন, ‘ভয় তো অবশ্যই আছে। দেখলেন না, ফুটবলের কোচ জেমি ডে আক্রান্ত হয়ে কাতার যেতে দেরি হয়ে গেল।’ হারুন বললেন, ‘আজ সকালে রিপোর্ট পেয়ে যাব। বিকাল ৩টায় অনুশীলন শুরু করব।’

সবকিছু ছাপিয়ে কোচ মাহবুব হারুনের কথা হচ্ছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পুরোদমে মাঠে নামতে চান তিনি। হাতে সময় কম। আগামী ১১ থেকে ১৯ মার্চ ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শক্তিশালী দল গঠন করতে হবে। ৩২ খেলোয়াড়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। এদের মধ্যে পারিবারিক অসুস্থতার কারণে গোলকিপার আবু সাইদ  নিপ্পন ছাড়া বাকি সবাই এসেছেন। রবিবার রিপোর্ট করে গতকাল করোনা পরীক্ষাও করিয়েছেন। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার শীর্ষ ছয়টি দেশ ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে আছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে স্বাগতিক হওয়ার কারণে। টুর্নামেন্ট আয়োজন করার পথটাই বাংলাদেশ মর্যাদার টুর্নামেন্টে খেলবে। 

খেলোয়াড়রা হলেন :অসীম গোপ, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, সোহানুর রহমান, মেহেদি হাসান, রেজাউল করিম, মনোজ বাবু, শফিউল আলম, খোরশেদুর রহমান, সারোয়ার মোর্শেদ, খালেদ মাহমুদ, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইমুদ্দিন, ফজলে হোসেন, হাসান যুবায়ের নিলয়, আবেদ উদ্দিন, রাজু আহমেদ, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন,  মহসিন, দেবাশিষ কুমার, মইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম, রকিবুল হাসান, মিমো, রাজীব দাশ। ১১ মার্চ বিকাল সাড়ে ৩টায় জাপান ও ভারত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি খেলবে। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। ১২ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ, ভারতের বিপক্ষে, তৃতীয় ম্যাচ ১৩ মার্চ জাপানের বিপক্ষে, চতুর্থ ম্যাচ ১৫ মার্চ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং পঞ্চম ম্যাচ ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে।