করোনা শঙ্কায় কোয়ারেন্টাইনে আগুয়েরো

শনির দশা যেন আর কাটছেই না সার্জিও আগুয়েরোর। চোটের কারণে এই মৌসুমে এখনো ঠিকমতো খেলাই শুরু করতে না পারা আগুয়েরো এবার ছিটকে গেলেন করোনা শঙ্কায়। এফএ কাপে বার্হিংহাম সিটির বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে শুরু করার কথা ছিল এই আর্জেন্টাইনের। কিন্তু ম্যাচের আগে আগে আগুয়েরোর কাছের এক জনের করোনা পজিটিভ ধরা পড়লে কোয়ারেন্টাইনে পাঠানো হয় তাকে। চোটের কারণে বারবার ছিটকে যাওয়ায় আগুয়েরো এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন মাত্র ২৬০ মিনিট। কোনো ম্যাচেই পূর্ণ ৯০ মিনিট খেলার সুযোগ হয়নি এই অভিজ্ঞ স্ট্রাইকারের। ম্যান সিটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক আগুয়েরোর চুক্তি শেষ হয়ে যাচ্ছে সামনের জুনেই। নতুন চুক্তি স্বাক্ষর না করলে এটিই হবে আকাশি জার্সিতে তার সর্বশেষ মৌসুম।