স্পোর্টস ডেস্ক
বার্সেলোনার ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ন্যু ক্যাম্পকে নতুনভাবে সংস্কার করা হবে এবং সেই সংস্কারকৃত স্টেডিয়াম মেসি দেখে যাবেন বলে আশ্বাস ব্যক্ত করেছেন সাবেক বার্সেলোনা প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী হুয়ান লাপোর্তা। ২৪ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে গতকাল দিবাগত রাতে সব প্রেসিডেন্ট পদপ্রার্থীকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
জোসেপ মারিয়া বার্তোমেউর উত্তরসূরি হিসেবে স্প্যানিশ সংবাদমাধ্যমে সবচেয়ে সমাদৃত হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট লাপোর্তা। নির্বাচিত হলে ন্যু ক্যাম্পের চেহারা বদলে দিবেন বলে প্রতিশ্রুতি আগেই দিয়েছেন। চার বছরের মধ্যে ক্লাব হিসেবে ১২৫ বছর পূর্তি পালন করবে বার্সেলোনা। এই মাহেন্দ্রক্ষণেই ক্লাব-ভক্তদের সংস্কারকৃত নতুন ন্যু ক্যাম্প উপহার দিতে চান লাপোর্তা। আর শৈশব থেকেই ন্যু ক্যাম্পকে ‘বাড়ি’ হিসেবে জানা লিওনেল মেসি ‘নতুন ন্যু ক্যাম্প’-কে না দেখে ক্লাব ছাড়বেন না বলেই বিশ্বাস এই আইনজীবীর। উল্লেখ্য, সামনের জুনে চুক্তি শেষ হয়ে যাওয়া মেসি চাইলে এখনই অন্য যেকোনো ক্লাবের সঙ্গে করতে পারবেন প্রাকচুক্তি।