টঙ্গীতে পোশাকশ্রমিক বিক্ষোভ, কারখানা বন্ধ

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক পোশাকশ্রমিককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কারখানা শ্রমিকরা। সোমবার সকাল থেকে টঙ্গীর বিসিক এলাকার রেডিসন গার্মেন্টের পাঁচ শতাধিক শ্রমিক কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, তুচ্ছ বিষয় নিয়ে গত বৃহস্পতিবার কারখানার ভেতরে সুইং সেকশনের শ্রমিক রনি ও লাইনচিফ সোলেমানের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ঘটনার দিন রাতেই বাসায় ফেরার পথে বহিরাগত লোকজন কারখানার সামনে রনিকে মারধর করে। এই ঘটনার জেরে শনিবার শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে ঐ কর্মকর্তাকে অপসারণের দাবি জানালে এতে আপত্তি জানায় কারখানা কর্তৃপক্ষ। পরদিন রবিবার কারখানার মূল ফটকে কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়, বে-আইনি ধর্মঘট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারখানাটির উত্পাদন বন্ধ করা হয়েছে। এই অবস্থায় কারখানাটি সম্পূর্ণভাবে পরিচালনা করা সম্ভব নয়। শ্রমিকরা আরো জানান, কারখানা কর্তৃপক্ষ ন্যায় বিচার করেনি।