শ্রীপুর পৌর নির্বাচন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
১৬ জানুয়ারি গাজীপুরের শ্রীপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, নির্বাচনি অফিস ভাঙচুর, মারধর মোটরসাইকেল ভাঙচুর, অগ্নিসংযোগ, নির্বাচনি প্রচারপত্র ছিঁড়ে ফেলা ও সমর্থকদের হুমকি দেওয়াসহ বিচ্ছিন্ন ঘটনায় এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনি এলাকা। জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এলাকায় নিয়মিত টহল দিচ্ছে র?্যাব।
এসব ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে শ্রীপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ ও শ্রীপুর মডেল থানায় পৃথক মামলা এবং পৃথক সংবাদ সম্মেলন করেছে।
আওয়ামী লীগ মেয়র প্রার্থী আলহাজ আনিছুর রহমান রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান, বিএনপি প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে অবাধ সুষ্ঠু স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বরাবরের মতো পূর্বপরিকল্পিতভাবে নিজেরাই ঘটনা সাজিয়ে আমাদের ওপর দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ ও থানায় মামলা করা হয়েছে।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খান সোমবার বিকালে সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে পরাজিত হবে জেনে নির্বাচন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তার সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করে মিছিলসহকারে রোববার আমার বাড়ি ও নির্বাচনি অফিসে হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ভাঙচুর করে প্রচারপত্র নিয়ে যায়। আমি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ ও থানায় মামলা করেছি।