শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে লিগ্যাল নোটিশ

ইত্তেফাক রিপোর্ট

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ঐ নোটিশে বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। যাতে শিক্ষক, শিক্ষার্থীরা এই ভাইরাসে আক্রান্ত না হয়। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। তারা দিনরাত মোবাইল ফোনে ইউটিউব, গেমিং এবং টিভি দেখছে। এছাড়া অনেক শিক্ষার্থী মাদকাসক্ত হয়ে পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান না খুললেও শিক্ষার্থীরা মার্কেট, শপিংমল ছাড়াও বিভিন্ন বিনোদন কেন্দ্রে আসা যাওয়া করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আগামী ১৬ জানুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি না বাড়িয়ে খুলে দেওয়া উচিত। শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর গতকাল সোমবার ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী গতকাল সোমবার ডাকযোগে এ নোটিশ পাঠান।