দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো ২২ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৮৪৯ জন। এর মাধ্যমে শনাক্ত রোগীর সংখ্যা আবারও হাজারের নিচে নামল। গতকাল সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৮৪৯ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৩ হাজার ৩০২ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২২ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৮০৩ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৯১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৫১টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৯৩টি ল্যাবে ১৪ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৭১ হাজার ৪১৬টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ০২ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ লাখ ৫৮ হাজার ৬৪৪টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৭ লাখ ১২ হাজার ৭৭২টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৫ জন পুরুষ আর নারী সাত জন। তাদের মধ্যে ২১ জন হাসপাতালে ও এক জন বাড়িতে মারা গেছেন।