নওগাঁর মহাদেবপুরে গত রবিবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পৃথক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর নিচপাড়া গ্রামে গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মাসুদুর রহমান প্রামাণিক মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মো. মাহমুদান নবী রিপন। জেলার বিভিন্ন এলাকা থেকে ৯টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে প্রথম স্থান অধিকার করেন নারী প্রতিযোগী ধামুইরহাট উপজেলার মোসা. তাসমিনা খাতুন। অপরদিকে উপজেলা সদরের জোয়ানপুর গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় মাঠে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সদর ইউনিয়ন যুবলীগ সদস্য মো. সাঈদ হাসান তরফদার শাকিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক আবুল কাশেম। হাজার হাজার দর্শক উপস্থিত থেকে এ প্রতিযোগিতা উপভোগ করেন। এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় জোয়ানপুর গ্রামের মো. উজ্জল হোসেন প্রথম স্থান লাভ করেন।