ইফার জাকাত ফান্ডের টাকা আত্মসাত্ মামলায় সাঈদীর বিচার শুরু

ইত্তেফাক রিপোর্ট

ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত্ মামলায় যুদ্ধাপরাধের বিচারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছে। সাঈদী ও বাকি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক সৈয়দা হোসনে আরা। এদিন সকালেই অ্যাম্বুলেন্সে করে মামলার প্রধান আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আদালতে হাজির করা হয়। তবে আসামি মাওলানা আবুল কালাম আজাদ ও আব্দুল হক পলাতক। জামিনে থাকা অন্য তিন আসামি হলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুত্ফুল হক, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন। জাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ এনে ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০০৫-০৬ অর্থবছরে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত বোর্ডের ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার  টাকা এবং ২০০৪-০৫ অর্থবছরের ১৩ লাখ টাকাসহ জাকাত তহবিলের সর্বমোট ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা দেশের গরিব ও দুস্থদের না দিয়ে নিজেদের দলীয় প্রতিষ্ঠানে বরাদ্দ করে আত্মসাত্ করেন। ঐ অর্থের মধ্যে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহানের ‘জাতীয় বন্ধুজন পরিষদ’ ভোলার অনুকূলে ৫০ লাখ, কাঠালিয়া মুসলিম এ কে ইনস্টিটিউটের অনুকূলে ৬ লাখ ৫০ হাজার, মাওলানা আবুল কালাম আযাদের মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের অনুকূলে ৪৫ লাখ, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুতফুল হকের দারুল কারার সোসাইটি শরীয়তপুরের অনুকূলে ৮ লাখ টাকা এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তত্কালীন সভাপতি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতিষ্ঠিত ‘ইসলামী সমাজ কল্যাণ পরিষদের’ পিরোজপুর শাখার অনুকূলে ৫ লাখ টাকা বরাদ্দ হয়। দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আগামী ১৭ ফেব্রুয়ারি সাঈদীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।