ইত্তেফাক রিপোর্ট
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী পালনে শিশু পার্লামেন্ট, বই পড়া ও মুক্তিযুদ্ধের গানের প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। রবিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বৈঠকে দেশব্যাপী এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থির কারণে জাতীয় পর্যায়ের সব কর্মসূচি অনলাইনে অনুষ্ঠিত হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শিশুদের কথা শিশুরাই বলবে’ শীর্ষক ‘শিশু পার্লামেন্ট’ অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচিত বই পড়া ও প্রশ্নোত্তর প্রতিযোগিতাও হবে সব জেলায়। ‘মুক্তিযুদ্ধের গান’ শীর্ষক সংগীত প্রতিযোগিতায় সংগঠনের বন্ধুরা অংশ নিতে পারবে। ইতিমধ্যে কর্মসূচি বাস্তবায়নে পৃথক তিনটি সাব কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পর্যায়ে এই কর্মসূচি সফল করতে জেলা, মহানগর, অঞ্চল ও শাখায় এ বিষয়ে বিস্তারিত সার্কুলার চলতি সপ্তাহের মধ্যেই পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রণয় সাহা, হান্নান চৌধুরী, হাসান তারেক, সুনীল কুমার সরকার, প্রবীর সাহা, নসরু কামাল খান, অশোকেশ রায়, রাজন ভট্টাচার্য, শামীম আহমেদ, কোহিনুর আক্তার শিল্পী, সুজন মজুমদার প্রমুখ।